বর্ধমানের মেয়ে ‘শুভশ্রী’ বললে লোকে যতটা চিনবে তার চেয়ে বেশি চিনবে ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘নবাব’, ‘পরিণীতা’র শুভশ্রী বললে। পাঠক ঠিকই ধরেছেন, ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলির কথাই বলছি। ৩০ এ পা দিয়েছেন তিনি। ১৯৮৯ সালের আজকের এ দিনে (০৩ নভেম্বর) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খুবই সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেন এ নায়িকা।
সাধারণ পরিবারে জন্ম নিয়েও নিজেকে গণ্ডির বাইরে নিয়ে গেছেন শুভশ্রী। পরিচিত হয়েছেন নিজের কাজের মাধ্যমে। ওড়িশার একটি সিনেমায় অভিনয় করে রূপালি পর্দায় পা রাখেন গাঙ্গুলি বাড়ির মেয়েটি। বাংলা সিনেমায় তার আগমন ‘পিতৃভূমি’র মাধ্যমে। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চ্যালেঞ্জ’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন শুভশ্রী। এতে তার বিপরীতে ছিলেন সুপারস্টার দেব।
ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় ২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন শুভশ্রী। তাদের সুখের সংসার আলোকিত করে পুত্র সন্তান যুবান। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে রাজ-শুভশ্রীর প্রথম সন্তান যুবান। এবারের জন্মদিন শুভশ্রীর জন্য একদম আলাদা। কারণ মা শুভশ্রীর প্রথম জন্মদিন এটি।
কী
ছিল এবারের আয়োজনে? জানতে চাইলে শুভশ্রীর ঘনিষ্ঠ একজন সময় নিউজকে জানান, করোনার জন্য এবার তেমন কোনো আয়োজন নেই। ছেলে যুবানের সঙ্গে সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী।
জন্মদিনে বন্ধু, সহকর্মী ও ভক্তদের কাছ থেকে প্রচুর শুভেচ্ছা বার্তা পাচ্ছেন জনপ্রিয় এ নায়িকা। প্রিয়তমা স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন রাজ চক্রবর্তী। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা, যখনই তোমার কথা ভাবি আমি নির্বাক হয়ে যাই। কী বলব আমি জানি না। তুমি আমার কাছে কী তা বোঝানোর জন্য কোনো শব্দ যথেষ্ট না। আমি ভাগ্যবান। তুমি সব কিছুর উর্ধ্বে। সুখে থাকো, ঠিক তোমার মতো করে। ভালোবাসি তোমাকে।’
শুভশ্রী অভিনীত সবশেষ সিনেমা মুক্তি পায় গেল বছর। ‘পরীণিতা’ শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী। এতে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। সিনেমায় কলেজছাত্রী চরিত্রে দেখা গিয়েছিল শুভশ্রীকে। মুক্তির পর বেশ প্রশসিংত হয়েছিলেন তিনি। পরে সন্তান জন্মদানের জন্য সাময়িক অবসরে গিয়েছিলেন শুভশ্রী। মুক্তির অপেক্ষায় আছে শুভশ্রী অভিনীত দুটি সিনেমা। ‘হাবজি গাবজি’ ও ‘ধর্মযুদ্ধ’ সিনেমা দুটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। আসছে বছর মুক্তি পাবে ‘ধর্মযুদ্ধ’। আর চলতি বছর বড়দিনে মুক্তি পাবে ‘হাবজি গাবজি’।

Post a Comment