সিনেমার বাইরে গান বা ওয়েব ফিল্মেও বেড়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার উপস্থিতি। কিছুদিন আগেই প্রকাশ করেছেন ‘আমি চাই থাকতে’ শিরোনামে একটি গান। এবার নুসরাত ফারিয়া পড়েছেন ‘মাইনকার চিপায়’!
জানা গেছে ‘মাইনকার চিপায়’ নামের একটি ওয়েব ফিল্মের অনুষ্ঠানে গিয়ে নতুন ঘোষণা দিয়েছেন তিনি। এ ঘোষণা দেয়ার আগে তাকেও সিডিউল নিয়ে ‘মাইনকার চিপায়’ পড়তে হয়েছিল!
ফারিয়া জানান, তার হাতে নতুন কাজের জন্য পর্যাপ্ত সময় ছিল না। কিন্তু গল্পটা পড়েই তিনি বেশ চিন্তায় পড়ে যান।
মাইনকার চিপায়’ নামের ওয়েব ফিল্মটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ৯ নভেম্বর। এটি পরিচালনা করেছেন চলচ্চিত্রকার আবরার আতহার। এ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় তিন তারকা আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ।
নুসরাত ফারিয়া যে ওয়েব ফিল্মে অভিনয় করবেন সেটির নাম ‘যদি, কিন্তু, তবুও...’। আগামী ৭ নভেম্বর থেকে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্মটির শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে এ নায়িকার। এতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে নুসরাত ফারিয়া বলেন, অনেক কষ্টে সিডিউল দিতে পেরেছি। গল্প, বাজেট এবং দর্শকদের দেখানোর প্লাটফর্ম পছন্দ হওয়ার কারণেই ‘যদি, কিন্তু, তবুও...’-তে চুক্তিবদ্ধ হয়েছি।’’
